টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে জটিলতা তৈরি হয়েছিল বাংলাদেশের খেলা না-খেলা নিয়ে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জটিলতা এখনো কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির বড় চিন্তা এখন পাকিস্তানকে নিয়ে। বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। এখনো টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপার নিজেদের অবস্থান পরিষ্কার না করে সবাইকে ধাঁধায় রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কিছুদিন আগে ভারতে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে দ্রুত প্রতিবাদ জানায় পিসিবি। লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ বয়কটের প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নির্দেশ দিলে বিশ্বকাপ বয়কট করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। এই ইস্যুতে সম্মতি দিয়ে রেখেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
নাকভির হুমকির মাঝেও ইতিবাচক একটা ইঙ্গিত ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে পিসিবির নির্বাচকেরা। এরপরও গুঞ্জন উঠেছে , বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটবে পাকিস্তান। শাহবাজ শরিফ দেশে ফেরার পর বিষয়টি নিয়ে বৈঠকে বসার পর সবাইকে অপেক্ষায় রেখেছেন নাকভি। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আগামী সোমবার পর্যন্ত সময় নিয়েছেন পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। তার আগে আর মাত্র এক দিন বাকি থাকলেও পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ কিংবা বর্জন নিয়ে কোনো কিছু অনুমান
করার সুযোগ নেই। বিশ্বকাপের আগে গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি উন্মোচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সে অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি। পাকিস্তানের বিশ্বকাপ জার্সি কেমন হবে, সেটা নিয়ে কৌতূহল থেকেই গেছে। সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, অনিবার্য কারণবশত বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পাকিস্তান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বকাপের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পায়নি পিসিবি। সংশ্লিষ্টদের ধারণা, এই ঘটনা পাকিস্তানের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিতের সঙ্গে জড়িত। তবে বিষয়টি নিয়ে পিসিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। তার আগে বাকি আছে আর মাত্র পাঁচ দিন। এত কম সময় হাতে থাকলেও পাকিস্তানের এমন অবস্থান যেন টুর্নামেন্টকেই অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে। জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করে কি তবে বিশ্বকাপ বয়কটের হুমকি আরও জোরালো করল পাকিস্তান ?
এত কিছুর মাঝে আছে ইতিবাচক ইঙ্গিতও। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভালো প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। প্রথম দুই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে তারা। সালমান আলী আগাদের সামনে এখন অজিদের ধবলধোলাই করার হাতছানি। ‘বি’ গ্রুপে থাকা পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের অবস্থান নিয়ে সতর্ক দৃষ্টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যেহেতু অন্য একটি ক্রিকেট বোর্ডের বিষয়, বিসিবির দায়িত্বশীল কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তবে তাদের কৌতূহলী দৃষ্টি ঠিকই থাকছে পাকিস্তানের দিকে। গত বছর ঢাকায় অনুষ্ঠিত এসিসির এজিএমে ভারতের তীব্র বিরোধিতার মুখেও মহসিন নাকভির জন্য বিসিবি যা করেছিল, সেই কৃতজ্ঞতা থেকে পিসিবি কী ঘোষণা দেয়, সেটি দেখার অপেক্ষায় তারা।
