নিরাপত্তার সমাধান, নাকি প্রশাসনিক নিয়ন্ত্রণের ফাঁদ
শহরের রাস্তায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে বিতর্ক নতুন নয়। যানজট, অনিয়ন্ত্রিত চলাচল, দুর্ঘটনা ও সড়কের সীমিত জায়গা—সবই বাস্তব সমস্যা। কিন্তু কোনো সমস্যা বাস্তব হলেই তার সমাধান হিসেবে যেকোনো বিধিনিষেধ ন্যায্য হয়ে যায় না। বিধিনিষেধের লক্ষ্য হওয়া উচিত নিরাপত্তা, সুশৃঙ্খল চলাচল ও যাত্রীর অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে গণপরিবহনের ঘাটতি এবং হাজারো নিম্ন আয়ের মানুষের জীবিকার বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ এই ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারেনি। এতে নিবন্ধন, রুট, ফিটনেস ও প্রযুক্তিগত মানের কাঠামো আছে। কিন্তু গুরুত্বপূর্ণ অনেক জায়গায় অস্পষ্টতা, অতিরিক্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং নাগরিক সুরক্ষার ঘাটতি রয়ে গেছে।