- শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

| কার্তিক ২২ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ
নিম্নমানের নেটওয়ার্ক ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

নিম্নমানের নেটওয়ার্ক ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

তরঙ্গ নবায়নে বেসরকারি মোবাইল অপারেটরগুলো পাচ্ছে একের পর এক ছাড় আর সুবিধা। আগের চেয়ে কমছে তরঙ্গের দাম। বাড়ছে কিস্তির সংখ্যা। ১৫ বছরের ফি পরিশোধেও মিলছে দীর্ঘমেয়াদি সুবিধা। এর মধ্যেই নিয়মিত বার্ষিক চার্জ তুলে দেওয়ার মতো ‘মামাবাড়ির আবদার’ জানিয়েছে অপারেটরদের সংগঠন এমটব। আগামী ১০ নভেম্বর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের হাতে থাকা মোট ৭৯.২ মেগাহার্জ তরঙ্গের মেয়াদ শেষ হবে। সেটি নবায়নে এমন অকল্পনীয় হাজার কোটি টাকার সুবিধা পাচ্ছে তারা। গ্রাহকের পকেট কেটে মুনাফা বাড়ানো অপারেটরদের জন্য সুবিধার ঝুলি খুললেও নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে সাধারণ মানুষ। এসব ছাড়ের বিপরীতে গ্রাহককে উন্নত সেবা দিতে অপারেটরদের কি বাধ্যবাধকতা থাকবে, বিনিয়োগ বাড়ানোর শর্তই বা কোথায়-তা নিয়ে নেই স্পষ্ট বার্তা। অথচ শুধু চলতি অর্থবছরেই মোবাইল সেবার মান নিয়ে বিটিআরসিতে অভিযোগ করেছেন সাড়ে ১১ হাজার গ্রাহক; ২৩টি অভিযোগের ক্যাটাগরির মধ্যে শীর্ষে রয়েছে ‘কোয়ালিটি অব সার্ভিস’। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল অপারেটররা শুধু আর্থিক ছাড় ও সুবিধা নেবেন, অথচ গ্রাহককে উন্নত সেবা দেওয়ার দায় নেবেন না-তা হতে পারে না। অপারেটরদের কাছ থেকে সেবার মানোন্নয়নের সুস্পষ্ট অঙ্গীকার আদায় করতে হবে। সুবিধা দেওয়ার পাশাপাশি নিম্নমানের নেটওয়ার্ক, কলড্রপ ও ইন্টারনেটের ধীরগতিতে জিম্মি গ্রাহকদের দুর্ভোগ কমানোর নিশ্চয়তাও দিতে হবে।