উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বন্দোবস্ত এগিয়ে চলছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘সংবাদমাধ্যমে যুদ্ধের কৃত্রিম আবহের বিপরীতে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে।’ তবে প্রস্তাবিত সেই আলোচনার রূপরেখা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইরান সামরিক সংঘাতের মুখোমুখি হওয়ার চেয়ে একটি চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী। ফক্স নিউজকে তিনি বলেন, ‘তারা (ইরান) আমাদের সঙ্গে কথা বলছে। আমরা দেখি কিছু করা যায় কি না। অন্যথায় কী ঘটে, তা আমাদের দেখতে হবে...আমাদের একটি বিশাল নৌবহর সেদিকে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তারা আলোচনা করছে।’
সম্প্রতি ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার চাপের মুখে ট্রাম্প বারবার হামলার হুমকি দেওয়ায় কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নেতৃত্বে এক বড় নৌবহর ইরান অভিমুখে পাঠিয়েছে, যা সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।
ইরানের শীর্ষস্থানীয় নেতারা বলছেন, তাঁরা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে এর আগে ট্রাম্পকে দেশটিতে হামলার হুমকি বন্ধ করতে হবে। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে অস্বীকার করে, তবে সেখানে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘প্রয়োজনে শক্তি প্রয়োগ’ করতে প্রস্তুত।
এরই মধ্যে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দুই দিনের নৌ মহড়া চালানোর পরিকল্পনা করলে গত শুক্রবার তাদের সতর্ক করে দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘মার্কিন বাহিনী, আঞ্চলিক সহযোগী বা বাণিজ্যিক জাহাজের কাছাকাছি যেকোনো অনিরাপদ ও অপেশাদার আচরণ সংঘর্ষ এবং উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে।’
গতকাল এ বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের উপকূলে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী এখন আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়ার চেষ্টা করছে যে তারা নিজেদের আঙিনায় কীভাবে অনুশীলন করবে।’
আরাগচি আরও লেখেন, ‘সেন্টকম এমন একটি জাতীয় বাহিনীর কাছে “পেশাদারত্ব” দাবি করছে, যাদের মার্কিন সরকার “সন্ত্রাসী সংগঠন” হিসেবে তালিকাভুক্ত করেছে; আবার সেই একই “সন্ত্রাসী সংগঠন” যে সামরিক মহড়া চালানোর অধিকার রাখে, তা–ও তারা স্বীকার করছে!’
২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র। আরাগচি বলেন, এ অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতি সব সময়ই ঘোষিত লক্ষ্যের উল্টো ফল বয়ে এনেছে এবং উত্তেজনা প্রশমনের বদলে তা আরও বাড়িয়ে দিয়েছে।
তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি তৌহিদ আসাদি জানান, পরিস্থিতি বর্তমানে ‘বেশ নাজুক ও সংবেদনশীল’ অবস্থায় রয়েছে। তবে আলোচনার অগ্রগতির বিষয়ে লারিজানির বক্তব্যকে তিনি একটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। আসাদি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত এড়াতে ইরানি কর্মকর্তারা মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছেন।
