- রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬

| মাঘ ১৯ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

নির্বাচনে ফিরতে পারলেন না বিএনপির গফুর-মঞ্জুরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ফিরতে পারলেন না বিএনপির গফুর-মঞ্জুরুল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিলও খারিজ করা হয়েছে।

আজ রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে নির্বাচনের মাঠে ফিরতে পারলেন না বিএনপির এই দুই প্রার্থী।

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিল করতে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া রিট করলে শুনানি শেষে ২২ জানুয়ারি তা সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন। যা আজ খারিজ হলো।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। শুনানি শেষে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন তিনি। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে দেন। পরে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মুন্সী। যা আজ খারিজ করে দিয়েছেন আদালত।