যুক্তরাজ্য সফরে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হেনস্তার চেষ্টার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরকে কেন্দ্র করে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়েছে। গত এক সপ্তাহে দেশে এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়া এবং মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের ঘটনাগুলো ঘটেছে।
চলতি ঘটনাগুলোর কারণে দেশে-বিদেশে এনসিপি এবং তাদের অনেক নেতা-কর্মীর সাবেক প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা-কর্মীদের একের পর এক হামলা বা হুমকির মুখে পড়ার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈছাআর অন্যতম সমন্বয়ক ও এনসিপির শিক্ষার্থীদের সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এর এক দিন পরই রাতের বেলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি শর্টসার্কিটের মতো দুর্ঘটনা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তদন্ত চলছে। এদিকে এ অগ্নিসংযোগের ঘটনার পরদিন থেকে ফোনে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। মিতু বলেছেন, তাঁকে প্রাণে বাঁচতে চাইলে দেশত্যাগ করতে বলা হয়েছে। এমন প্রেক্ষাপটে এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন জানিয়েছেন, তাঁকেও ছাত্রলীগ পরিচয় দেওয়া এক ব্যক্তি হুমকি দিয়েছে। এর পর এল যুক্তরাজ্য সফররত এনসিপি আহ্বায়কের ওপর চড়াও হওয়ার ঘটনা।
অন্তত ২৩ জন হামলার শিকার
গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ অন্তত ২৩ জন হামলার শিকার হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গণ-আন্দোলনে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে বড় ভূমিকা রাখা দলটির নেতাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, দেশের ভেতরে রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এনসিপি নেতাদের ওপর চোরাগোপ্তা হামলা হয়েছে। হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় নেতা, স্থানীয় সংগঠক এবং তাঁদের সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা। কোনো ঘটনায় সরাসরি হামলা, কোথাও গাড়িবহরে হামলা, আবার কোথাও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
আগের হামলার ঘটনাগুলোর মধ্যে রয়েছে গত ১৬ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দিন মাহিন, ২৩ ও ২৭ জানুয়ারি ঢাকায় এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, ১৩ ফেব্রুয়ারি সারজিস আলম, ২৫ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসুদ (গাড়িবহরে হামলা), ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তারেকুল ইসলাম তারেক রেজা, ২৮ জুলাই সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলম ও মাহমুদা মিতুর ওপর হামলার ঘটনা।
এনসিপির সূত্র জানিয়েছে, সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সর্বশেষ গত ৪ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হন পাটওয়ারী। তিনি লালনের মাজার থেকে বের হয়ে সমর্থকদের সঙ্গে ছবি তোলার সময় একজন ডিম ছুড়ে মারে। পাটওয়ারী এ ঘটনায় প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন। এর আগে গত ২২ মে ঝিনাইদহ এবং ২৮ জুলাই হবিগঞ্জ শহরে হামলার শিকার হন তিনি।
তবে পুলিশের ভাষ্য, এসব হামলার ঘটনার ধরন ও প্রেক্ষাপট এক নয়। কোনোটি রাজনৈতিক বিরোধ, কোনোটি স্থানীয় বিরোধ, আবার কোনটি নিছক ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
মানবাধিকার কর্মীদের উদ্বেগ
তবে শেখ হাসিনার স্বৈরশাসনের পতনে ভূমিকা রাখা রাজনীতিক ও ছাত্রনেতাদের টানা আক্রান্ত হওয়ার ঘটনা তাঁদের নিরাপত্তা এবং রাজনৈতিক সহনশীলতার পরিস্থিতি নিয়ে সমমনা রাজনৈতিক মহল ও মানবাধিকারকর্মীদের উদ্বিগ্ন করেছে।
হাসিবসহ কয়েকজনের ওপর হামলা ও হুমকি এবং নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা এ নিয়ে উদ্বেগকে নতুন করে সামনে এনেছে বলে মনে করেন মানবাধিকারকর্মী নূর খান। তিনি বলেন, ‘বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদেরই যদি একের পর এক হামলা ও হুমকির মুখে পড়তে হয়, তাহলে রাজনৈতিক পরিবর্তনের পর নাগরিক নিরাপত্তার বাস্তব অবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায়।’
