- বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

| কার্তিক ২৮ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ১২ নভেম্বর ২০২৬

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে ওই বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জানা গেছে, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে ১২টার পরে দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে। স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলও পুড়ে মারা গেছে।

নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হানিম টম স্থানীয় বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা টিনশেড বাড়িটির পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে সেখানে আগুন ছড়ায়নি।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

তবে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর (সংসদীয় আসন ৩৫০) সংসদ সদস্য। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই হামলা পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

আরো পড়ুন