দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এএমএম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোটগ্রহণ শুরু হয়।
সিইসি জানান, বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। ভোট শেষে একই স্থানে ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগার দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। গত ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। সংসদ কক্ষেই তাঁদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকবে এবং সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে প্রার্থীর পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং সিইসি বৈধ ও অবৈধ ভোট এবং প্রত্যেক প্রার্থীর পাওয়া ভোটের সংখ্যা ঘোষণা করবেন।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। সর্বশেষ, ১৯৯১ সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপরের নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ৬ আগস্ট। তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়।
