- বুধবার ০৫ আগস্ট ২০২৬

| শ্রাবণ ২০ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মুদ্রা বাজার নিশ্চিত করেছে জাপান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ৪ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মুদ্রা বাজার নিশ্চিত করেছে জাপান

জাপানের অর্থমন্ত্রী জানিয়েছেন যে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে গত সপ্তাহে জাপানি ইয়েন কিনতে তার মন্ত্রণালয় মুদ্রা বাজারে হস্তক্ষেপ করেছে।

ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে নিউইয়র্কের লেনদেনে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্যে ৫ ইয়েনের আকস্মিক লাফের পেছনে ছিল এই যৌথ হস্তক্ষেপ। এই পদক্ষেপের ফলে প্রায় ৪০ বছরের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি থাকা ইয়েন শক্তিশালী হয়ে আড়াই মাসের মধ্যে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

অর্থমন্ত্রী কাতাইয়ামা সাৎসুকি সোমবার যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই পদক্ষেপটি গত বছরের সেপ্টেম্বরে গৃহীত জাপান-মার্কিন অর্থমন্ত্রীদের যৌথ বিবৃতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল।

"জাপানের অর্থ মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ট যোগাযোগ বজায় রাখছে," উল্লেখ করে কাতাইয়ামা বলেন, "ভবিষ্যতেও সমন্বিত হস্তক্ষেপ চালাতে আমরা দ্বিধা করব না।"

কাতাইয়ামা আরও বলেন যে, ভবিষ্যতে হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয় ডলার ঋণ নিতে জাপান তার কাছে থাকা মার্কিন বন্ড জামানত হিসেবে ব্যবহার করে ফেডারেল রিজার্ভের একটি সুবিধা গ্রহণের পরিকল্পনা করছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলেছেন যে, তার মন্ত্রণালয় ভবিষ্যতে আরও যৌথ হস্তক্ষেপে অংশ নিতে দ্বিধা করবে না।

বেসেন্ট জানান, ইয়েনের মারাত্মক অবমূল্যায়ন রোধে জাপানের নেওয়া সিদ্ধান্তমূলক বাজার ও মুদ্রানীতি সংক্রান্ত পদক্ষেপগুলোকে মার্কিন অর্থ মন্ত্রণালয় জোরালো সমর্থন জানায়।

২০১১ সালের পর এটিই ছিল জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম যৌথ মুদ্রা বাজার হস্তক্ষেপ। সেসময়, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্প ও ৎসুনামির পর ইয়েনের মূল্য হঠাৎ বৃদ্ধি পেলে কর্তৃপক্ষ ইয়েন বিক্রি করে।

তবে, ১৯৯৮ সালে জাপানে একাধিক ব্যাংক বিপর্যয়ের পর ইয়েনের মান ধরে রাখতে এটিই প্রথম যৌথ হস্তক্ষেপ।

আরো পড়ুন