- শনিবার ৩১ অক্টোবর ২০২৬

| কার্তিক ১৬ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

পাঁচ বছর পর, আনুষ্ঠানিক বৈঠকে জাপান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ৩১ অক্টোবর ২০২৬

পাঁচ বছর পর, আনুষ্ঠানিক বৈঠকে জাপান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা

ছবি: সংগৃহীত

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু, তার রুশ প্রতিপক্ষের সঙ্গে আলোচনার সময় আটক জাপানি সাংবাদিকের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন। প্রায় পাঁচ বছরে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি বৈঠক।

শুক্রবার যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে মোতেগি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দিতে মোতেগি সেখানে গিয়েছেন। আলোচনাটি প্রায় ৩০ মিনিট ধরে চলে।

দুই মন্ত্রী, জুলাই মাসে ফিলিপাইনে সংক্ষিপ্তভাবে মতবিনিময় করেন। তবে শুক্রবারের বৈঠক ছিল ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে তাদের প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি বৈঠক।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোতেগি রাশিয়ার কাছে অবিলম্বে হোক্কাইদো শিম্বুন প্রেসের সাংবাদিককে মুক্তি দেয়ার জন্য জোরালো দাবি জানান। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস, গত ১৩ই অক্টোবর সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন থেকে গুপ্তচরবৃত্তির সন্দেহে তাকে আটক করে। মোতেগি, মস্কোকে মানবিক বিষয় নিশ্চিত করার পাশাপাশি ওই সাংবাদিকের প্রতি ন্যায্য ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন।

বৈঠক চলাকালে মোতেগি জাপান সরকারের অবস্থানের ওপর ভিত্তি করে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এর মধ্যে ছিল সুদূর পূর্বাঞ্চলীয় শহর খাবারোভস্কে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন। স্মৃতিস্তম্ভটিতে একজন সোভিয়েত সৈন্যকে ক্রিসান্থেমাম প্রতীক খচিত একটি পাথর ধ্বংস করতে দেখা যায়। আরেকটি বিষয় ছিল আগস্ট মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এতোরোফু দ্বীপ সফর, যা জাপানে সম্মিলিতভাবে উত্তরাঞ্চলীয় ভূখণ্ড নামে পরিচিত চারটি দ্বীপের মধ্যে একটি।

রাশিয়া এই এই চারটি দ্বীপ নিয়ন্ত্রণ করে। জাপান দ্বীপগুলোর মালিকানা দাবী করে। জাপান সরকার বলছে, দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর অবৈধভাবে দখল করে নেয়া হয়।

ইউক্রেনে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ নিতে মোতেগি রাশিয়ার প্রতি জোরালো আহ্বান জানান।

দুই শীর্ষ কূটনীতিক নিশ্চিত করেন যে, দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুতর অবস্থার মধ্যেও তারা যোগাযোগ বজায় রাখবেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, লাভরভ আটলান্টায় তার জাপানি প্রতিপক্ষের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, জাপানের অনুরোধে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

রুশ মন্ত্রণালয় জানায় যে, পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সংলাপ পুনরায় শুরু করার জন্য জাপানের বৈরী নীতি পরিত্যাগ করার প্রয়োজনীয়তার ওপর রাশিয়া জোর দিয়েছে। রুশ পক্ষ, দৃশ্যত তাদের পূর্বের যুক্তিটিই পুনর্ব্যক্ত করেছে যে ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে টোকিওর আরোপিত নিষেধাজ্ঞাগুলো অবশ্যই তুলে নিতে হবে।

আরো পড়ুন