ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফের মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছেন। বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও আলোচনাসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে জানায়, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাইকে চিঠি পাঠিয়েছেন ভ্যান্স। এই সম্ভাবনায় বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে আঞ্চলিক সংঘাত বাড়তে থাকায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনো বাজারে রয়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১টা ৩২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০১ ডলার ৭৪ সেন্ট।
নোমুরা সিকিউরিটিজের অর্থনীতিবিদ ইউকি তাকাশিমা বলেন, ‘শান্তি আলোচনা আবার শুরু হতে পারে—এমন প্রত্যাশায় বাজারে বিক্রির চাপ বাড়ছে। তবে দাম কমার পরিমাণ এখনো সীমিত।’
এর কারণ, ইয়েমেনের হুতিদের হামলা আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ওয়াশিংটন ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কাও বাজারে রয়েছে।
বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। জোটটি ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে। দুই পক্ষের মধ্যে সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, বুধবার হুতিরা এডেন বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর এক দিন আগে হুতিরা দাবি করেছিল, ক্ষেপণাস্ত্র দিয়ে তারা সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করার অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে।
প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন ওই স্থাপনায় হামলার খবর সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে নতুন একটি খসড়া চুক্তি তেহরানের কাছে উপস্থাপন করেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। আলোচনার বিষয়ে অবহিত এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রস্তাবটিকে গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, এতে এমন কিছু ধারণা তুলে ধরা হয়েছে, যা কোনো আনুষ্ঠানিক প্রস্তাবের পর্যায়েই পড়ে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছেন, কূটনীতির মাধ্যমে সমাধানের সম্ভাবনাকে তেহরান এখনো সুযোগ দিচ্ছে। একই সঙ্গে তিনি জানান, ইরানের সাত দিনের পরিকল্পনা গ্রহণ করা হলে এক সপ্তাহেরও কম সময়ে তা সম্পন্ন করা সম্ভব হতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) বুধবার জানিয়েছে, ২৩ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে জ্বালানি কোম্পানিগুলো মজুত থেকে ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরিয়ে নিয়েছে। রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা ওই সপ্তাহে মজুত ১৫ হাজার ব্যারেল বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্রে পেট্রলের মজুত ৩৯ লাখ ব্যারেল বেড়েছে। অথচ বিশ্লেষকেরা পেট্রলের মজুত ৯ লাখ ব্যারেল কমবে বলে আশা করেছিলেন।
