ছবি: সংগৃহীত
সরকারি চাকরির ইস্যুতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তরপ্রদেশে সরকার। তারা বলছে, সরকার পরিবর্তনের দাবিতে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সরকারি চাকরি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে।
সম্প্রতি একটি বিক্ষোভে সরকার পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো।
তবে দেশটির রাজ্য সরকার স্পষ্ট করেছে, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো প্রার্থীকে সরকারি চাকরির অযোগ্য ঘোষণা করা যাবে না। একইভাবে, কারও বিরুদ্ধে এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়ের হওয়া কিংবা তদন্ত চলমান থাকলেই তাকে স্বয়ংক্রিয়ভাবে চাকরির অযোগ্য বিবেচনা করা যাবে না।
নতুন নিয়ম অনুযায়ী, প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট পরিস্থিতি ও চরিত্র যাচাইয়ের নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে বিবেচনা করতে হবে। বিশেষ করে, সরকার পরিবর্তনের উদ্দেশ্যে সহিংস কর্মকাণ্ডে প্রার্থীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
এর অর্থ, কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে কিংবা তিনি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন—শুধু এ কারণে তার চাকরির আবেদন বাতিল করা যাবে না। বরং প্রার্থীর কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে।
রাজ্য সরকারের এ সিদ্ধান্তের ফলে উত্তরপ্রদেশে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ে সহিংস কর্মকাণ্ডের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
