ফটো : সংগ্রহ
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশ হিসেবে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে জাপান। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভ্রমণ সাময়িকী কনডে নাস্ট ট্রাভেলার-এর ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস’-এর ‘বিশ্বের সেরা দেশ’ বিভাগে এবারও প্রথম হয়েছে দেশটি।
বুধবার প্রকাশিত এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। এরপর যথাক্রমে রয়েছে আয়ারল্যান্ড, কম্বোডিয়া ও স্পেন।
আন্তর্জাতিক পর্যটকদের কাছে জাপানের জনপ্রিয়তা যে এখনো শক্ত অবস্থানে রয়েছে, এ ফলাফলকে তারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রেকর্ড ৪ কোটি ২৭ লাখ বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেন।
জাপানের জাতীয় পর্যটন সংস্থা (JNTO) জানিয়েছে, দেশটির পর্যটন আকর্ষণের পাশাপাশি জাপানের আতিথেয়তা ও নিরাপত্তার মতো বিশেষ বৈশিষ্ট্যও এই স্বীকৃতির পেছনে ভূমিকা রেখেছে। সংস্থাটি আশা করছে, আন্তর্জাতিক পর্যায়ে জাপানের এই ধারাবাহিক স্বীকৃতি দেশটিতে ভ্রমণের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়াবে।
এবারের পুরস্কারের ৩৯তম আসরে কনডে নাস্ট ট্রাভেলার-এর পাঠকেরা মোট ৭ লাখ ৯৮ হাজার ৮৬৭টি ভোট দিয়েছেন। ১৯৮৮ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত এই পুরস্কারে পাঠকদের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে দেশ, হোটেল, ক্রুজসহ বিভিন্ন পর্যটন অভিজ্ঞতার র্যাংকিং করা হয়।
তবে সাময়িকীটির যুক্তরাজ্য সংস্করণের তালিকায় জাপান দ্বিতীয় হয়েছে। সেখানে প্রথম হয়েছে গ্রিস। শীর্ষ পাঁচে আরও রয়েছে ইতালি, তুরস্ক ও পর্তুগাল।
যুক্তরাজ্য সংস্করণের প্রতিবেদনে জাপানের রেস্তোরাঁ, উষ্ণ প্রস্রবণ, চেরি ফুল ও দ্রুতগতির রেলব্যবস্থার পাশাপাশি দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি, নকশা ও প্রযুক্তিগত উদ্ভাবনের সমন্বয়ের প্রশংসা করা হয়েছে।
JNTO জানিয়েছে, বিশ্বের মানুষের কাছে জাপানের বিভিন্ন অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি ও খাবারের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি আঞ্চলিক পর্যটনকে উৎসাহিত করা এবং টেকসই পর্যটন ব্যবস্থার উন্নয়নে তারা কাজ করে যাবে।
আরএএস
