ফাইল ছবি
বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চায়, তাহলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে ও জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে পোস্টে তিনি লেখেন, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসযোগ্যতা। গত দুই বছরে বাংলাদেশের মানুষের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য নষ্ট হওয়ার পেছনে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।
একইসঙ্গে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ কীভাবে তৈরি হলো, সেটিও আলোচনায় আসা প্রয়োজন। এই বিষয়গুলো এড়িয়ে গেলে ইতিহাসের ভুল পাঠ নেওয়া হবে এবং জনগণের সঙ্গে করা রাজনৈতিক অঙ্গীকারের প্রশ্নে আপস করা হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, গত দুই বছরে দেশের বিভিন্ন জায়গায় হামলা, চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক নিপীড়নের যেসব অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে, সেগুলো নিয়ে দলটির পক্ষ থেকে যথেষ্ট আত্মসমালোচনা আমরা দেখিনি। যারা এসব অন্যায়ের শিকার হয়েছেন, তাদের কাছে ক্ষমা চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হওয়া উচিত বিশ্বাসযোগ্যতা ফেরানোর প্রথম পদক্ষেপ।
তিনি আরও লেখেন, সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার অবশ্যই বিচার হতে হবে। কিন্তু প্রশ্ন হলো, গত দুই বছরে অন্যদের ওপর যখন হামলা হয়েছে, তখন সেই অন্যায়ের বিরুদ্ধে একই অবস্থান কোথায় ছিল? আজ বিপদে পড়ে ঐক্যের আহ্বান জানালে মানুষ গত দুই বছরের অভিজ্ঞতা এত সহজে ভুলে যাবে কেন?
সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য হলে সেটি শুধু আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে কেন-এমন প্রশ্ন রেখে তিনি লেখেন, গোপালগঞ্জে যে অপরাধের প্রতিবাদ করবো, দেশের অন্য কোথাও বিএনপি কিংবা অন্য কোনো দলের পরিচয়ে একই অপরাধ হলে তার বিরুদ্ধেও দাঁড়াতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, দুর্নীতি, সিন্ডিকেট ও রাজনৈতিক সহিংসতা সবই অন্যায়। অপরাধীর দলীয় পরিচয় দিয়ে এসবের বিচার আলাদা করা যায় না।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানুষ শুধু আওয়ামী লীগের শাসনের অবসান চায়নি মন্তব্য করে পাটওয়ারী লেখেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন চেয়েছিল। শহীদ ও আহতদের ন্যায়বিচার, জুলাই সংস্কার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের প্রশ্নগুলো তাই কোনো রাজনৈতিক সমঝোতার আড়ালে হারিয়ে যেতে পারে না। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যে অভিযোগ ও উদ্বেগ রয়েছে, সেগুলোরও পরিষ্কার জবাব প্রয়োজন।
এনসিপির এই নেতা লেখেন, বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চায়, তাহলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং সব ধরনের রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সমান অবস্থান নেওয়ার অঙ্গীকার বাস্তবে প্রমাণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, রাজনৈতিক দলগুলোর ঐক্যের চেয়ে জনগণের ঐক্য অনেক বেশি জরুরি। জনগণকে রাজনৈতিক দলগুলোর স্বার্থে ঐক্যবদ্ধ করার চেষ্টা না করে, জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকেই ঐক্যবদ্ধ হতে হবে।
পাটওয়ারীর ভাষ্য-আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনগণের নতুন করে কারও অনুমতির প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু সেই জনঐক্যকে কোনো দলের রাজনৈতিক সংকট কাটানোর হাতিয়ার বানানো উচিত নয়।
শেষে বিএনপির উদ্দেশে তিনি লেখেন, ঐক্যের ডাক দেওয়ার আগে তাই জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে আনুন। গত দুই বছরের অন্যায়ের হিসাব দিন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ক্ষমা চান এবং নিজেদের সংশোধনের প্রমাণ দিন। কারণ জনগণ কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নয়। রাজনৈতিক দলগুলোই জনগণের কাছে দায়বদ্ধ। জাতীয় ঐক্য জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য, কোনো দলের রাজনৈতিক দায় আড়াল করার জন্য নয়।
