- মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬

| ভাদ্র ২৪ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

টোকিওসহ পূর্ব জাপানের বিভিন্ন অংশে প্রবল বর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ৮ সেপ্টেম্বর ২০২৬

টোকিওসহ পূর্ব জাপানের বিভিন্ন অংশে প্রবল বর্ষণ

টোকিও, কানাগাওয়া ও চিবা জেলাসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। সোমবার জাপান আবহাওয়া এজেন্সি জেএমএ টোকিওর নিইজিমা গ্রামের জন্য ভূমিধসের বিষয়ে ৫ নম্বর স্তরের জরুরি সতর্কতা জারি করেছে। এছাড়া টোকিওর ওশিমা শহর এবং তোশিমা গ্রামের জন্যও ভূমিধসের একই সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি, যা তাদের ১ থেকে ৫ মাত্রার স্কেলে সর্বোচ্চ মাত্রার সতর্কতা। সোমবার থেকে আরও অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা কাদাধস, নদীর পানি উপচে পড়া এবং নিচু এলাকায় বন্যার ব্যাপারে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে, একটি মৌসুমী বৃষ্টিবলয়, যা বর্তমানে দেশটির প্রধান দ্বীপ হোনশুর ঠিক দক্ষিণে বিস্তৃত রয়েছে, তা উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

রাডার বিশ্লেষণ থেকে জানা গেছে যে, রবিবার রাত ৮টা পর্যন্ত এক ঘণ্টার মধ্যে ইযু দ্বীপপুঞ্জের মিকুরাজিমা গ্রাম ও তার আশপাশে প্রায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার ভোর থেকে চিবা শহরের জন্য ভারী বৃষ্টির চতুর্থ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

ইযু দ্বীপপুঞ্জের বেশিরভাগ অংশ, কানাগাওয়া ও চিবা জেলার কিছু অংশ এবং দক্ষিণ-পশ্চিমের কাগোশিমা জেলার কিছু অংশের জন্য ভূমিধসের বিষয়ে চতুর্থ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

পাশাপাশি টোকিওর যেনপুকুজিগাওয়া নদীতে বন্যার ব্যাপারেও চতুর্থ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার বিশেষ করে কানতো, তোকাই এবং তোহোকু অঞ্চলে ভারী বৃষ্টির মেঘের বলয় তৈরি হতে পারে, যা পানিসংক্রান্ত দুর্যোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

স্থানীয় বাসিন্দাদের রাতে ঘুমানোর সময় উপত্যকা ও খাড়া পাহাড় থেকে দূরে নিরাপদ কোনো ভবনে অবস্থানের জন্য আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও, বিপদের মানচিত্র দেখে নিতে এবং দুর্যোগপ্রবণ এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ তাদের দেওয়া হচ্ছে।

আরো পড়ুন