- বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

| অগ্রাহায়ণ ১২ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ঘোষণা পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ঘোষণা পাকিস্তানের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ইসলামাবাদ। গতকাল বুধবার ইসলামাবাদে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পৃথক বৈঠকে পাকিস্তানের শীর্ষ দুই নেতা এসব কথা বলেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে সোমবার পাকিস্তান পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। তাঁর সঙ্গে একটি সংসদীয় প্রতিনিধিদলও রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বাংলাদেশের সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম সরকারি পাকিস্তান সফর।

বুধবার প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আসিফ আলী জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান বিশেষ গুরুত্ব দেয়। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন।

জারদারি জানান, বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতা দিতে প্রস্তুত পাকিস্তান। এ ছাড়া বাংলাদেশের চিনিকলগুলোর সংস্কারে কারিগরি সহায়তা দেওয়ারও প্রস্তাব দেন তিনি। কৃষি, খাদ্যনিরাপত্তা, শিল্প, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন ও মহাকাশ গবেষণায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন।

 

বাণিজ্য বাড়াতে বিদ্যমান যৌথ অর্থনৈতিক কমিশন ও বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। তাঁর মতে, দুই দেশের বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগের ফ্লাইট সংখ্যা ও গন্তব্য বাড়ানো এবং সরাসরি সমুদ্রপথে যোগাযোগ চালুর বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য ঢাকার মানবিক উদ্যোগের প্রশংসা করেন জারদারি। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

 

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান। দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। তাঁর মতে, সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত নৈশভোজে বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধিদলকে স্বাগত জানান শাহবাজ শরিফ। এ সময় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পৃথক বৈঠকও করেন তিনি। বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের নেতাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংসদীয় কূটনীতি জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন স্পিকার। তাঁর মতে, দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ঘনিষ্ঠতার প্রতিফলন ঘটেছে এই জনপ্রিয়তায়।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। তাঁর শাসনামলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন ছিল। ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফর করেন। একই বছরের ডিসেম্বরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

আরো পড়ুন