- রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

| মাঘ ২৬ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে গেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য তিনি সড়কের ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে’ দায়ী করেন। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন।

মুখপাত্র আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।

দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের ফলে সড়ক অবকাঠামোর দুরবস্থার পাশাপাশি ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা ও পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবে আফগানিস্তানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরা অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি শিশু ছিল।

কর্তৃপক্ষের মতে, ওই দুর্ঘটনায় বাসটি একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।