- মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬

| আষাঢ় ২২ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ৬ জুলাই ২০২৬

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল চেয়ে করা আপিলের শুনানি শুরু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ঘোষণা করে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। সেই সঙ্গে পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ ক, ৭ খ, ৪৪ (২) অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা হয়।

গত বছরের ৮ জুলাই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথক লিভ টু আপিল করেন। এ ছাড়া মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি আরেকটি লিভ টু আপিল করেন।

চার বিশিষ্ট ব্যক্তির পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। জামায়াতের সেক্রেটারি জেনারেলের পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ ছাড়া মোফাজ্জল হোসেনের পক্ষে আছেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আরো পড়ুন