- মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

| ভাদ্র ১০ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

পূর্ব ও পশ্চিম জাপানে তীব্র দাবদাহ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০০, ২৫ আগস্ট ২০২৬

পূর্ব ও পশ্চিম জাপানে তীব্র দাবদাহ অব্যাহত

সোমবার পূর্ব ও পশ্চিম জাপানের বিস্তৃত এলাকা জুড়ে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, কিনকি অঞ্চলের কিছু এলাকায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

জনসাধারণকে হিটস্ট্রোক প্রতিরোধে যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে একটি উচ্চচাপ বলয় দেশের অধিকাংশ অঞ্চল ঢেকে রেখেছে এবং তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে।

গত মাসে কুমামোতো জেলায় ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও তীব্র তাপদাহ অনুভূত হয়েছে। উকি শহরে তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি এবং কুমামোতো শহরে ৩৭.৩ ডিগ্রিতে পৌঁছেছিল।

শিগা জেলার ওৎসু শহরে তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি এবং কিয়োতো শহরে ৩৯.১ ডিগ্রিতে পৌঁছায়।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য টোকিওতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রিতে পৌঁছেছিল।

কানতো অঞ্চল থেকে ওকিনাওয়া জেলা পর্যন্ত ৩১টি জেলাতে হিটস্ট্রোক সতর্কতা জারি রয়েছে।

জনসাধারণকে এয়ার কন্ডিশনার ব্যবহার করা, ঘন ঘন পানি পান করা, শরীরে লবণের ঘাটতি পূরণ করা এবং ঘরের বাইরের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবহাওয়া কর্মকর্তারা আরও জানিয়েছেন, আর্দ্র বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে উত্তর থেকে পশ্চিম জাপানের বিস্তীর্ণ এলাকায় বায়ুমণ্ডল পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। কিছু কিছু এলাকায় বজ্রপাতসহ স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

একটি সক্রিয় মৌসুমি বায়ু বলয় তোহোকু অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে, যার প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত প্রধানত জাপান সাগর তীরবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে।

কর্মকর্তারা ভূমিধস, নিচু এলাকা প্লাবিত হওয়া ও নদীর পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি টর্নেডোসহ বজ্রপাত এবং দমকা হাওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

আরো পড়ুন